জামালপুরে হাসপাতালের ২ ওয়ার্ড বয়সহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮ স্বাস্থ্য কর্মীসহ মোট ২১ জন করোনায় আক্রান্ত হলেন।
শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সিভল সার্জন আবু সাঈদ মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ও করোনা উপসর্গ থাকায় জামালপুর সদর হাসপাতালের ২ ওয়ার্ডবয় ও মাদারগঞ্জ হাসপাতালের করোনায় আক্রান্ত আয়ার স্বামী ও শাশুড়ি এবং মেলান্দহের নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিহ মেডিকেল কলেজে পাঠানো হলে তাদের সংক্রামণ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট ২১ জনের করোনা শনাক্ত হল।
এদের মধ্যে ইসলামপুরের উপজেলা ২ নারী মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।
এছাড়াও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেওয়ানগঞ্জের আক্রান্ত এক বক্তিকে ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলায় এখন পর্যন্ত সদর উপজেলায় ৩ জন, মাদারগঞ্জে ৫ জন, মেলান্দহে ৩ জন, ইসলামপুরে ৪ জন, দেওয়ানগঞ্জে ৩, বকশীগঞ্জে ২, সরিষাবাড়ি ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।