বজ্রপাতে মানিকছড়ি ও মাধবপুরে দুজনের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালঘরে গরু দেখতে গেলে বজ্রপাতে নিহত হন উত্তর গবামারা গ্রামের পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পাড়াকর্মী খোদেজা বেগম (৩৭)।

নিহত খোদেজার স্বামী নুর মোহাম্মদ জানান, তার স্ত্রী গোয়ালঘরে গরু দেখতে গেলে  হঠাৎ বজ্রপাত ঘটে। তাকে আহত অবস্থায় মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের  সিরাজ মিয়া (৫০) মাঠে ঘাস কাটতে গেলে  বজ্রপাতে মারা যান। খরব পেয়ে স্বজনরা মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।