মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামের ফকিরবাড়ী খালে সাঁকো দেওয়াকে কেন্দ্র করে একই বংশের চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আহত সোরহাব ফকির (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মারা গেছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামের খালে গত বুধবার দুুপুরে সাঁকো দেওয়াকে কেন্দ্র করে এবং পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে একই বংশের চাচাতো দুই ভাই সোরহাব ফকির ও লোকমান ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোরহাব ফকিরসহ ৭ জন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে সোরহাব ফকির মারা যান। নিহত সোরহাব ফকির ওই গ্রামের হাসেম ফকিরের ছেলে।
অপরদিকে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীতে পৃথক সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। এ সময় জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেমায়েতউদ্দিন হিমুর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সদর উপজেলার ছুটফা এবং কাশিয়ানী উপজেলার শাফলিডাঙ্গা গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের সাতটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টা এবং দুপুর দেড়টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের ভীমেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।