করোনাভাইরাস সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে দেশ। অসহায় জীবনযাপন করছেন অনেকে। তাদের সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবার সম্মিলিত প্রচেষ্টা খুবই দরকার।
শুক্রবার নিজের ব্যক্তিগত ও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ ফেসবুক পেজে লাইভে করোনাভাইরাসের চলমান সংকটে সবাইকে কিছু না কিছু অবদান রাখতে বললেন সাকিব।
ক্রিকেটীয় দর্শন তুলে ধরে তিনি বলেন, “১১ জন যদি ২০ রান করেও করে তাহলেও ২২০ হয়। আবার কেউ ৭০ করল কিন্তু বাকি তেমন কেউ রান করল না, তাহলে মোট সংগ্রহ একশতে আটকে যায়।”
লাইভে করোনাভাইরাস সংকটে অসহায়দের জন্য সাকিব তার ফাউন্ডেশনের মাধ্যমে যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেসবও তুলে ধরেন। এ কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান দেশ সেরা এই ক্রিকেটার।
“সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের করোনাভাইরাস থেকে মুক্তি দিতে পারে। অনেকেই বলছেন- কেন মানুষ বাইরে যাচ্ছে, কী কারণে বাইরে যাচ্ছে। কিছু মানুষ প্রয়োজন ছাড়াই বের হচ্ছে। কিন্তু অনেকেই পেটের দায়ে বের হচ্ছে। আমরা অনেকেই জাকাত দেই। সেটা উল্লেখ করে কেউ দিলে সেই টাকা দিয়ে আমরা গরিব মানুষদের খাবার উপহার দিতে পারব যা এই বিপদে অনেক সাহায্য করবে।”
“অনেক বিদেশি ক্রিকেটার খেলার উপকরণ নিলামে তুলছেন। আমরা এ রকম কিছুও চাইলে করতে পারি।”
চলমান সংকটে এরই মধ্যে ২০ লাখ টাকা করে দুই দফায় মোট ৪০ লাখ টাকার অর্থ সংগ্রহ করেছে সাকিব আল ফাউন্ডেশন। প্রথম দফায় ২০ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয় কনফিডেন্স গ্রুপের সঙ্গে মিলে। পরে আরও ২০ লাখ টাকার তহবিল গঠন করা হয় ‘মিশন সেভ বাংলাদেশ’ এর সঙ্গে মিলে।
এসব অর্থ গরিব ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা ও করোনাভাইরাসের টেস্টিং কিটের জন্য খরচ করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে আপাতত ক্রিকেটের বাইরে থাকা সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও একমাত্র কন্যা আলাইনা হাসান অব্রির সঙ্গেই সেখানে সময় কাটছে তার।