ট্রলারবোঝাই শ্রমিকদের নারায়ণগঞ্জ ফেরত পাঠালো মুন্সীগঞ্জ নৌ-পুলিশ

ফের নারায়ণগঞ্জ থেকে ট্রলারযোগে আসা ৭৫ জন ইটভাটা শ্রমিককে ফেরত পাঠিয়েছে মুন্সীগঞ্জ নৌ-পুলিশ।

শনিবার ভোরে মুন্সীগঞ্জ ভাটা শ্রমিকদের আটক করা হয়। পরে মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশ আটক শ্রমিকদের নারায়ণগঞ্জে ফেরত পাঠায়।

এদের মধ্যে রয়েছে ৩৬ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ শিশু। এর আগে শুক্রবার মুন্সীগঞ্জ নৌ-পুলিশ নারায়ণগঞ্জ থেকে আসা ৭৭ জন শ্রমিককে ট্রলারে করে ফেরত পাঠায়।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন খান জানান, করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জ সদরের গোপচর এলাকার বিভিন্ন ইটভাটার ৭৫ জন শ্রমিক ট্রলারবোঝাই করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে শনিবার ভোর ৬ টার দিকে ট্রলারবোঝাই শ্রমিকদের আটক করে নৌ-পুলিশ। পরে গোপচর এলাকার দুইজন ইউপি সদস্যের হস্থক্ষেপে শ্রমিকদের ফেরত পাঠানো হয়।