চাঁদপুরে ত্রাণের অনিয়ম দূর করতে পুলিশের হটলাইন চালু

চাঁদপুর জেলায় ত্রাণ সংক্রান্ত যেকোন অনিয়মের তথ্য জানানোর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একটি হটলাইন চালু করা হয়েছে। 

শনিবার বিকেলে হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী। 

জেলায় ত্রাণ সংক্রান্ত যেকোন অনিয়মের তথ্য জানাতে এখন থেকে ০১৩১০-০০৫৯৫৯ নম্বরটি হটলাইন হিসেবে ব্যবহৃত হবে। 

এই নম্বরে ‘হোয়াটস অ্যাপ’ একাউন্টও খোলা রয়েছে যাতে করে যে কেউ চাইলে অনিয়মের কোন স্থির চিত্র বা ভিডিও প্রেরণ করতে পারেন। এটি পুলিশের অন্যান্য সেবার মতই দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে সরকারের ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য এবং যেকোন অনিয়ম-দুর্নীতির তথ্য দ্রুত সরকারকে জানিয়ে যথাযথ এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য এই হটলাইন চালু করা হলো। চাঁদপুর জেলার যেকোনো ব্যক্তি তার এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সংক্রান্ত যে কোনো অনিয়ম কিংবা অভিযোগের তথ্য এই নাম্বারে জানাতে পারেন।