দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে করে সঠিকভাবে নমুনা সংগ্রহ, সংগ্রহকারীসহ অন্যদের করেনায় সংক্রমিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। কর্তৃপক্ষের দাবি এ বুথটি বাংলাদেশে উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহের প্রথম বুথ।
গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পশ্চিম পাশে স্থাপিত বুথ থেকে নমুনা সংগ্রহ শুরু হয়।
গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ৬ ফুট বাই ৬ ফুট এয়ারটাইট একটি বুথ। বুথটির সামনে কাচঘেরা কাউন্টার। সেখানে দুটোতে গ্লাভস লাগানো। সামনে একটি টেবিলে উপসর্গ থাকা ব্যক্তির বসার জন্য আরেকটি টেবিলে নমুনা সংগ্রহের উপকরণ রাখা। বুথের ভেতর থেকে নমুনা সংগ্রহকারী গ্লাভসের ভেতরে হাত ঢুকিয়ে উপসর্গ থাকা ব্যক্তির নাক ও গলা থেকে উপকরণ দিয়ে নমুনা সংগ্রহ করছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম জানান, করোনা শনাক্তের অন্যতম শর্ত হচ্ছে নমুনাটি সঠিকভাবে সংগ্রহ করা। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার সময় উপসর্গ থাকা ব্যক্তির আচরণের কারণে সঠিকভাবে নমুনা সংগ্রহ করা জটিল হয়ে পড়ে। এ ছাড়া নমুনা সংগ্রহকারীদের মধ্যে একটি ভীতি কাজ করে। কোনো ব্যক্তির নমুনা সংগ্রহ করতে গেলে ওই স্থানের আশপাশের লোকজন সেটি দেখতে আসে। এতে করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।