এক পরিবারের ২৬ সদস্য করোনা আক্রান্ত

মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত সংক্রামক রোগের তালিকায় জায়গা করে নেবে করোনাভাইরাস (কভিড-১৯)। আধুনিক এই যুগেও ভাইরাসটির বিস্তার রোধে হিমশিম খেতে হচ্ছে এর সংক্রমণ ব্যাপকতার জন্য।

করোনা সংক্রমণের বড় শিকার হচ্ছে পরিবার। এরপর নানাভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজন সংক্রমিত হন। একপর্যায়ে শুরু হয় কমিউনিটি ট্রান্সমিশন।

এই সময় জানায়, শনিবার ভারতের দিল্লির এক পরিবারের ২৬ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরপরই গোটা এলাকা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পরিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে লোকজনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে করোনার কন্টেইনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬টিতে।

এক পরিবারের এই ২৬ সদস্য সহ শনিবার বিকেল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৭ জনে। প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এদিকে রবিবার সকালে দ্য হিন্দুর লাইভ আপডেটে বলা হয়, ভারতে করোনায় ৫২২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন।