সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, দাফনে এলাকাবাসীর বাধা

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে নমুনা পরীক্ষা না করে লাশ দাফনে বাধা দিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে থেকে ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় শনিবার দুপুরে ওই ব্যক্তি মারা যান। মারা যাওয়ার পর এলাকাবাসী নমুনা পরীক্ষা না করে লাশ দাফন করতে বাধা দেন মৃত ব্যক্তির পরিবারকে।

 মৃত ব্যক্তির ফুফতো ভাই দিদার হোসেন বলেন, তার ভাই গত এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের ছেলের বাসা থেকে গ্রামে আসেন। পরে এলাকার পঞ্চায়তের সিদ্ধান্তে  তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।  হোম কোয়ারেন্টোইনে থাকা অবস্থায় তিনি শনিবার দুপুরে তিনি মারা যান।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় কেউ তার লাশের সামনে যেতে চাচ্ছেন না। তবে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে চাইলে করোনার পরীক্ষা ছাড়া লাশ দাফনে বাধা দেন এলাকাবাসী।

এমতাবস্থায় সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ দাফন করার জন্য পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে।