বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তিন চিকিৎসক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষাগারের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এ ছাড়া বরগুনার আমতলী উপজেলার ৩০ বছর বয়সী এক তরুণেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান আরও তিন চিকিৎসকসহ চারজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত চিকিৎসকদের মধ্যে একজন শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এবং অপর দুজন একই মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক।
মেডিসিন বিভাগের ওই চিকিৎসক এর আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। অন্যদিকে দুই ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজ ছাত্রাবাসে গত শুক্রবার করোনায় আক্রান্ত পঞ্চম বর্ষের এক ছাত্রের ঘনিষ্ঠ।
এ নিয়ে বরিশালে গত ১০ দিনে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে পাঁচজন চিকিৎসক, একজন মেডিকেল কলেজের ছাত্র, দুজন নার্স ও দুজন স্বাস্থ্যকর্মী।
শনিবার পর্যন্ত ১০ দিনে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা বাদে পাঁচ জেলায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে ২০ জন আর বরগুনায় ১০ জন।