জামালপুরের ইসলামপুরে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলার গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে গুঠাইল বাজারের দুই অসাধু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের মালিকাধীন একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ কেজির ৯৭ টি সেলাই করা ও একটি বস্তা খোলা অবস্থায় মোট ৪ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় ওই দুই ব্যবসায়ীকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এবং মোশারফ হোসেন একই কমিটির সদস্য।