অস্কারজয়ী ইলাস্ট্রেটর ও বিশ্বখ্যাত কার্টুন সিরিজ টম অ্যান্ড জেরির পরিচালক জিন ডেইচ আর নেই। গত বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে প্রাগে নিজের অ্যাপার্টমেন্টে মারা যান তিনি।
তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই মৃত্যুকে ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছেন তার প্রকাশক, পিটার হাইমেল।
পুরো নাম ইউজিন মেরিল ডেইচ, যদিও জিন ডেইচ নামেই তিনি সুপরিচিত। ক্যারিয়ারের শুরুতে উত্তর আমেরিকার বিমানবাহিনীতে ড্রাফটস-ম্যান হিসেবে কাজ করেন জিন, এরপর সেনাবাহিনী এবং বিমানবাহিনীর পাইলট হিসেবেও প্রশিক্ষণ নিয়েছেন।
তবে স্বাস্থ্যগত কারণে ১৯৪৪ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপরেই শুরু হয় তার শিল্পীজীবন, প্রবেশ করেন অ্যানিমেশনের জগতে।
১৯৫৮ সালে, সিডনি'স ফ্যামিলি ট্রি চলচ্চিত্রের জন্য অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পান। ১৯৬০ সালে, বেষ্ট আ্যনিমেটেড শর্ট ফিল্ম পুরস্কার জয় করেন মানরো চলচ্চিত্রের জন্য। একই বিভাগে পরে আরও দুইবার অস্কার মনোনয়ন পেয়েছেন জিন।
তবে তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে রেমব্র্যান্ডট ফিল্মসের ক্ল্যাসিক কার্টুন সিরিজ পপাইয়ের মাধ্যমে। ষাটের দশকেই মেট্রো-গোল্ডউইন-মেয়ারের টম অ্যান্ড জেরি সিরিজে কাজ শুরু করেন জিন। তার ক্রেজি ক্যাট কার্টুনও কম জনপ্রিয় নয়। ব্যক্তিগত জীবনে জিন তিন পুত্র সন্তানের জনক।