দক্ষিণ সুদানে প্রতি ৩০ লাখে এক ভেন্টিলেটর

কভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম কিনতেই হিমশিম খাচ্ছে বিশ্বের সবকটি দেশ। আক্রান্তদের বাঁচাতে এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি যে ভেন্টিলেটর, সেটির দামও আকাশছোঁয়া। তাছাড়া নজিরবিহীন চাহিদা থাকায় ভেন্টিলেটরের হাহাকার ধনী-গরিব সব দেশেই। এমন পরিস্থিতিতে দক্ষিণ সুদান মাত্র চারটি ভেন্টিলেটর দিয়েই কাজ চালাচ্ছে বলে জানিয়েছে সিএনএন। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানায়, দক্ষিণ সুদানে ১ কোটি ২০ লাখ মানুষের বিপরীতে ভেন্টিলেটর রয়েছে মাত্র চারটি। তার মানে প্রতি ৩০ লাখের জন্য একটি করে ভেন্টিলেটর! সবকটি হাসপাতাল মিলিয়ে আইসিইউ বেড মাত্র ২৪টি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার চাপে সব দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে। যার কারণে বিশ্বজুড়ে ইতিমধ্যে ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দেড় লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে যেসব দেশের চিকিৎসা ব্যবস্থায় সরঞ্জাম ও অবকাঠামোগত অভাব রয়েছে, তাদের পরিণতি অনেক ভয়াবহ হতে পারে।

তাছাড়া আফ্রিকার দেশগুলো নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সম্প্রতি তারা জানায়, ইউরোপ-আমেরিকার পর আফ্রিকাই হতে পারে করোনা মহামারীর নতুন কেন্দ্র। এখানকার সবকটি দেশেই আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, আফ্রিকার ১০০ কোটিরও বেশি মানুষের জন্য ভেন্টিলেটর রয়েছে দুই হাজারেরও কম।