নারায়ণগঞ্জে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছেন প্যারাডাইস কেবলসের শ্রমিকরা। গতকাল রবিবার বেলা ১১টায় ১০ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো চাষাঢ়ায় অবস্থান নেন তারা। বিজয় স্তম্ভের সামনে আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘স্যার পেট তো লগডাউন মানে না। না খেয়ে ধুঁকে ধুঁকে মরার চেয়ে করোনায় আক্রান্ত হয়ে সপরিবারে মরা ভালো। আমরা সব ডাউন মানব, আমাদের খাবারের ব্যবস্থা করুন। আমরা আর পারছি না। সন্তানদের মুখে লবণ ভাত তো দূরের কথা, ভাতই তুলে দিতে পারছি না। আমরা কাজ করে পাচ্ছি না ন্যায্য পাওনা, না পারছি গ্রামে যেতে। পাচ্ছি না সরকারের ও স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের কোনো সহায়তা। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি সহায়তা ও খাদ্যসামগ্রীর বন্যা বইছে।’ এর আগে শনিবারও একই দাবিতে রাস্তায় নামেন প্যারাডাইস কেবলস শ্রমিকরা। এ খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম হাজির হয়ে বিক্ষোভরত শ্রমিকদের সান্তনা দিয়ে বাড়িতে ফেরায়।