বেতন কাটা অনিবার্য দেখছেন টেইলর গিলক্রিস্ট

একদিন আগে আগস্টের মধ্যে আর্থিক সংকটে পড়ার কথা উল্লেখ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কারণে বোর্ডের ৮০ ভাগ স্টাফকে তাদের প্রাপ্য বেতনের ২০ ভাগ দিচ্ছে বলে উল্লেখ করেন তারা। একদিন পরই বোর্ডের পরামর্শের সঙ্গে তাল মেলালেন সাবেক অজি অধিনায়ক মার্ক টেইলর ও কিংবদন্তির উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। এ দুজন মনে করেন করোনা পরিস্থিতির কারণে বোর্ডের স্বার্থে ক্রিকেটারদের বেতন কাটা এখন অনিবার্য হয়ে পড়েছে। বিশ্বকাপজয়ী সাবেক উইকেটরক্ষক ‘গিলি’ জানান বোর্ডের স্টাফরা এখন বেতন কম নিচ্ছেন। এরপর ক্রিকেটাররা।

এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়াকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করার রাস্তা নেই। অস্ট্রেলিয়ার এবিসি গ্র্যান্ড স্ট্যান্ড সংবাদ মাধ্যমকে গিলক্রিস্ট বলেন, ‘আমি অবাক হবো না যদি আমরা দুই দশক পেছনে ফিরে যাই। মানে ওই সময়ের ক্রিকেটাররা যে বেতন পেতেন সেটা আজকের ক্রিকেটারদের নিতে হতে পারে। এছাড়া আর উপায় দেখছি না। আমাদের পেছাতেই হবে। সাপোর্ট স্টাফদেরও বেতন ছাড়তে হবে। কারণ আমাদের রাজস্ব অস্বাভাবিক হারে কমছে। গত এক মাসে কোনো খেলা ছিল না, তাই আয়ও হয়নি। এখন সময় এসেছে ক্রিকেটারদেরে এগিয়ে আসার।

’ এদিকে অস্ট্রেলিয়ার বিখ্যাত চ্যানেল নাইনকে সাবেক অজি অধিনায়ক মার্ক টেইলর জানান স্টাফদের পর এবার ক্রিকেটারদের বেতন কর্তনের পালা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক এই বোর্ড সদস্য জানান, ছাঁটাই আসবে, এটা এখন অনিবার্য। আমরা ইতিমধ্যেই স্টাফদের বেতন কমাতে দেখেছি এবার ক্রিকেটারদের পালা। আমি আশা করি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন দ্রুত এ বিষয় নিয়ে আলোচনায় বসবে এবং একটি সুন্দর সিদ্ধান্তে পৌঁছুবে। যা অদূর ভবিষ্যতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার দুই পক্ষের জন্যই ফলপ্রসূ হবে।’