হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর এলাকায় হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাজিব মিয়া (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়ের দিঘিরপাড় গ্রামের উস্তার মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে দীঘিরপাড় গ্রামে এক পাগল গান গাওয়ার সময় কতিপয় যুবক তাকে নিয়ে হৈহুল্লর করছিলেন। এ সময় রাজমিস্ত্রি সাজিব মিয়া পাগলকে গান গাওয়া থেকে বিরত থাকার জন্য বললে সে তার কথা শুনেনি। এমতাবস্থায় পাগলকে চড় মারেন সাজিব।
এ নিয়ে সাজিবের সাথে একই গ্রামের মৃত নূর হোসেনের ছেলে ফয়সল (১৯)সহ অন্যান্যদের তর্কবিতর্ক হয়। ঘটনাটি মারামারির দিকে এগিয়ে গেলে মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তারা বিচারে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
এদিকে রবিবার রাত ৮টার দিকে সাজিব মিয়া বাড়ির পার্শ্ববর্তী রেল লাইনে বসে অবসর সময় কাটানোর সময় ফয়সল আকস্মিক একটি ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাজিবকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিবের বাবা জানান, সোমবার দুপুরে হবিগঞ্জ মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এই ঘটনায় ফয়সল ছাড়াও আরো কয়েকজন ছিল। তিনি জানান, মামলার প্রস্তুতি চলছে।
চুনারুঘাট থানার ওসি খুনের ঘটনা নিশ্চিত করে জানান, মামলা এখনো হয়নি। তবে ফয়সলকে গ্রেপ্তারে অভিযান চলছে।