মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ক্রিকেটার নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটায় সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম নিশ্চিত করে বলে, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন। ভোর ৬টার দিকে কালিবাড়ি এলাকায় আসলে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই বিল্টু মিয়া মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্টু মিয়া বর্তমানে ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে তিনি দৌলতপুর গিয়েছিলেন। বিল্টু মিয়া নব্বইয়ের দশকে মানিকগঞ্জের কৃতি ক্রিকেটার ছিলেন।

তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া, তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়ার ছিলেন।