চীন সরকারের দাবি তারা করোনাভাইরাসের প্রথম ধাক্কা সামাল দিতে পেরেছে। তবে ধাক্কা সামলাতে পারলেও দেশটির কয়েক কোটি মানুষকে এখন চলতে হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের রং মেনে। এ ব্যবস্থা হয়তো বহুদিন চলবে। অন্তত যতদিন না ভাইরাসের আতঙ্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়।
সিএনএনের এক প্রতিবেদন বলছে, মোবাইল প্রযুক্তি আর বিগ ডেটা ব্যবহার করে বানানো ‘হেলথ কোড’ নামের এই অ্যাপ দিয়ে নাগরিকদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে চীন সরকার। স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকের জন্য বরাদ্দ হচ্ছে রংভিত্তিক কুইক রেসপন্স কোর্ড, যাকে সংক্ষেপে কিউআর কোড বলে। সেই রংই ঠিক করে দিচ্ছে, তার চলাফেরার স্বাধীনতা হবে কতটুকু।
চীনে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আসার পর এখন লকডাউন উঠেছে। কিন্তু ফের ভাইরাস ছড়ানো ঠেকাতে শুরু হয়েছে কিউআর কোডের শাসন। রাশিয়াও ইতিমধ্যে অ্যাপের মাধ্যমে চলাফেরায় নজরদারি শুরু করেছে, একই পরিকল্পনা করছে জাপানও।
চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ও টেনসেন্টের সহায়তা নিয়ে আর্থিক লেনদেনের অ্যাপ আলিপে ও মেসেজিং অ্যাপ উইচ্যাট ব্যবহার করে ‘হেলথ কোড’ অ্যাপটি চালু করেছে চীন। গত ১১ ফেব্রুয়ারি জেজ্যাং প্রদেশের হ্যাংজু শহরে প্রথম এর ব্যবহার শুরু হয়।
জ¦র, শুকনো কাশি, সর্দি, গলাব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ থাকলে অ্যাপের নির্দিষ্ট ঘরে টিক দিতে হয়। সব তথ্য যাচাই করে প্রত্যেককে একটি কিউআর কোড দেওয়া হয়। এর রং হয় লাল, হলুদ বা সবুজ। লাল কোডধারীকে অবশ্যই ১৪ দিন সরকারি ব্যবস্থাপনায় অথবা নিজের ঘরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। হলুদ কোডে কোয়ারেন্টাইনের মেয়াদ সাত দিন। আর যার কোড সবুজ, তিনি শহরে চলাফেরা করতে পারবেন।
তবে সবুজ কোডধারীর গতিবিধিও অ্যাপের মাধ্যমে নজরদারিতে থাকবে। কোনো সময় তার মধ্যে সংক্রমণ ঘটলে ওই অ্যাপ বলে দেবে গত কয়েক দিনে তিনি কোথায় গিয়েছেন, কাদের সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যে কেউ কভিড-১৯ পজিটিভ ছিলেন কি না।
মার্চের প্রথম দিন রাজধানী পেইচিংয়ে আলিপে ও উইচ্যাট প্ল্যাটফরমের তিন রঙের কিউআর কোড অ্যাপটি চালু হয়। এ অ্যাপে স্বাস্থ্য তথ্যের সঙ্গে ফেসিয়াল রিকগনিশনও লাগে। চীনে যাদের কভিড-১৯ ধরা পড়েছে, যারা সন্দেহভাজন অথবা যাদের জ¦র রয়েছেÑ তাদের সবার তথ্য প্রতিটি রাজ্যের ডেটাবেজে সংরক্ষণ করা আছে। এ ডেটাবেজে যাদের কভিড-১৯ সংশ্লিষ্ট তথ্য নেই, তারা ঘোরাফেরার ছাড়পত্র পাচ্ছেন। হুবেই ও উহানের বাসিন্দা অথবা পর্যটকদের এ শহর ছেড়ে যেতে হলে একটি সবুজ কিউআর কোড অর্জন করতে হবে তাদের মোবাইল ফোনের অ্যাপে।