চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল বিক্রির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ত্রাণের চাল গোপনে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কালীপদ রায়সহ ইউনিয়নের সাত বাসিন্দা গত রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিতভাবে এ অভিযোগ দেন। এছাড়া সন্ধ্যায় তারা দেবীডুবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ত্রাণের চাল বিক্রির প্রতিবাদ জানান।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, গত ৬ এপ্রিল করোনা পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য সরকারি ত্রাণ সহায়তা হিসেবে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান তা দরিদ্রদের মধ্যে বিতরণ না করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকারের কাছে বিক্রি করে সব টাকা আত্মসাৎ করেন। তারা আরও উল্লেখ করেন, এর আগেও চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগে মামলা হয়। বিষয়টি দুদক তদন্ত করছে।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই আমার রাজনৈতিক প্রতিপক্ষ এমন মিথ্যে অভিযোগ করেছে। এর আগেও তারা মিথ্যা অভিযোগ করেছিল।