ভারতে করোনা শনাক্তের আগে ৮০ শতাংশেরই সংক্রমণের কোনো উপসর্গ প্রকাশ পায়নি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। দেশসেরা এ গবেষণা সংস্থার গবেষক রমণ আর গঙ্গাখেদকর এটিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন বলে জানিয়েছে এনডিটিভি।
গঙ্গাখেদকর বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় এমন উপসর্গহীনদের শনাক্ত করাই এখন সবচেয়ে উদ্বেগের বিষয়। ইতিমধ্যে আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের খুঁজে বের করতে হবে। তা না হলে নতুন সংক্রমিতদের খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। কারণ ভারতে প্রত্যেককে পরীক্ষা করানো প্রায় অসম্ভব।’
তিনি আরও বলেন, ‘শনাক্তের কৌশল পরিবর্তনের সুযোগ আপাতত নেই। সংক্রমিত বা করোনার হটস্পট এলাকাগুলোতে সাধারণ জ্বর-সর্দির রোগী থাকলেও তাদের পরীক্ষা করতে হবে। এছাড়া ভবিষ্যতে অন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কি না তা সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘দিল্লিতে গত রবিবার পর্যন্ত ৭৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখানে উদ্বেগের বিষয়টি হলো শনাক্তের আগে তারা জানতই না শরীরে ভাইরাসটি রয়েছে।’