নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে পিটুনিতে রাজীব ওরফে ভিপি রাজীব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রাজীব ফতুল্লার পাগলা বউবাজার এলাকার হাসু তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০১৬ সালে ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় মিঠুন হোসেন ও কাউসার হোসেনদের বাড়িতে হামলা ভাঙচুর ও মারধর করে রাজীব ও তার সহযোগীরা।
ওই ঘটনায় রাজীব ও তার সহযোগীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন কাউসার হোসেন।
সেই মামলাটি তুলে নেওয়ার জন্য রাজীব কয়েক দিন ধরে কাউসার হুমকিকে ও চাপ দিয়ে আসছিলেন। সোমবার দুপুরে রাজীব ও তার কয়েকজন সহযোগী কাউসারের বাড়িতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে কাউসারের লোকজন ধাওয়া করলে সহযোগীরা পালিয়ে গেলেও রাজীব ধরা পড়ে।
এ সময় প্রতিপক্ষ কাউসারের লোকজন পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রাজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।