বিশ্ব রেকর্ড গড়ার সেই ব্যাট নিলামে তুলতে চান আশরাফুল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত পুরো বিশ্ব। অসহায় দিনমজুররা রয়েছেন সবচেয়ে বেশি কষ্টে। সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নিজের সংগ্রহে থাকা ঐতিহাসিক কিছু স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির গৌরবময় রেকর্ডের অধিকারী। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন সেই ব্যাট নিলামে তুলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু এই ব্যাটটিই নয়, নিলামে তুলতে চান ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন সেই ব্যাট ও ম্যাচসেরা হিসেবে পাওয়া শ্যাম্পেইনও। আশরাফুল এখন স্মারকগুলো নিলামে ওঠানোর প্রক্রিয়া নিয়ে ভাবছেন।

মঙ্গলবার নিজের ফেইসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় আশরাফুল তার স্মৃতিময় স্মারকগুলো নিলামে তোলার ইচ্ছে প্রকাশ করেন। আশরাফুলের বলা কথা গুলো তুলে ধরা হলো-

‘আমার প্রত্যেকটা সেঞ্চুরির ব্যাট বলেন, স্ট্যাম্প বলেন- সবই আমার বাসায় আছে। আমার প্ল্যানিংয়ে ছিল- আমি যখন বুড়ো হয়ে যাব, যদি বেঁচে থাকি, তখন এগুলো নিলামে তুলব। আমাদের বাংলাদেশে এই কালচারটা এখনো তৈরি হয়নি। তখন হয়তো এই কালচার চলে আসবে, যে নিলামে তুলে এই ফান্ড দিয়ে মানুষদের পাশে থাকব।’

‘এখন করোনাভাইরাসের কারণে এমন একটা পরিস্থিতিতে আছি আমরা, ২১০টার বেশি দেশ আক্রান্ত। এই সময়ে মুশফিককে দেখলাম ও তার ব্যাট নিলামে ওঠাচ্ছে। আমিও আশা করব, যদি চায় আমার সবগুলো সেঞ্চুরির ব্যাটই ওঠাতে চাই।’

‘তবে স্পেশাল আমার এই দুইটা- কার্ডিফে ও এসএসসি গ্রাউন্ডে (কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ড) সর্বকনিষ্ঠ সেঞ্চুরি। এই দুটি ব্যাট খুবই স্পেশাল আমার ও দেশের জন্য। এই মুহূর্তে যদি এগুলো নিলামে ওঠে, আমি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকতে পারি, তবে আমি খুবই হ্যাপি থাকব।’

‘ক্রিকেটে মানুষ যেভাবে আমাকে সম্মান দিয়েছে, এই জিনিসগুলো দেওয়ার পর যদি আমি কিছু হেল্প করতে পারি সেটা আমার জীবনে সবচেয়ে বেশি পাওয়া হবে।’