মোংলা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করোনা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে শ্রমিকদের কাজে বাধ্য করা হচ্ছে। এছাড়া কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে এসব শ্রমিক সামাজিক দূরত্বও মানছেন না। গা ঘেঁষে হাঁটাহাঁটি করে এবং যানবাহনে ঠাসাঠাসি করেই অফিসে ছুটছেন। গতকাল মঙ্গলবার ভোরে মোংলার স্থায়ী বন্দরের বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় ইপিজেডের জিম লাইট বিডি বাংলাদেশ নামক ফ্যাক্টরি অভিমুখে দল বেঁধে ছুটছে শ্রমিকরা। এ সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে ছুটে আসেন তারা। শ্রমিকরা সামাজিক দূরত্ব না মানলেও সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকাও দেখা যায়নি।
শ্রমিকরা বলেন, আমাদের জোর করে কাজে নেওয়া হচ্ছে, কাজে যোগদান না করলে চাকরি থেকে বাদ দেওয়া হবে বলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছে।
তবে ফ্যাক্টরির ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, কাউকে বাধ্য করা হচ্ছে না, যারা করছে স্বেচ্ছায় করছে।
উল্লেখ্য, করোনা বিধিনিষেধে ইপিজেডের ২৩টি ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ রয়েছে।