পাবনার ঈশ্বরদীতে শ্বাসরোধে দিনাজ প্রমাণিক (৪৫) নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, পরকীয়া প্রেমিক দিয়ে স্ত্রী হোসনেয়ারা (৪২) দিনাজকে হত্যা করিয়েছে। স্ত্রী ছাড়াও গ্রেপ্তাররা হলেন- উপজেলার সড়ইকান্দি পশ্চিমপাড়া আদর্শগ্রামের রুস্তম আলীর ছেলে ট্রাকচালক কামরুল হাসান (৪২) ও একই গ্রামের মৃত জামাল উদ্দিন ব্যাপারির ছেলে ট্রাক হেলপার মফিজুল ইসলাম মিন্টু (৩৫)।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, সোমবার রাত দেড়টার দিকে নরসিংদী থেকে মালামাল নিয়ে ফেরার পথে মুলাডুলি চেকপোস্টে কামরুল ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতেই হোসনেয়ারাকে গ্রেপ্তার করা হয়। হোসনেয়ারা অবৈধ সম্পর্ক ও হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, হোসনেয়ারার সঙ্গে কামরুলের ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। দিনাজ প্রবাসে থাকায় তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে হোসনেয়ারার।