করোনা শনাক্ত ৩ হাজার ছাড়াল, মৃত্যু ১১০

দেশে করোনাভাইরাস সংক্রমণে আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৪ জনের মধ্যে এবং সুস্থ হয়েছেন আরও ২ জন। গতকাল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১২৮ জনের। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪ জনের। এর মধ্যে ৪৩৪ জনের মধ্যে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ৩ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৭ জন।

মৃত ৯ জনের বিষয়ে ডা. নাসিমা জানান, তাদের মধ্যে পুরুষ ৫ জন ও মহিলা ৪ জন। তাদের বয়স ষাটোর্ধ্ব ৩ জন, ৫১-৬০-এর মধ্যে ৩ জন ও ৪১-৫০-এর মধ্যে ৩ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৯ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৪ হাজার ১৬৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৪২৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫ হাজার ৫৯২ জন। ২৪ ঘণ্টায় স্থল, সমুদ্র ও বিমানপথে দেশে প্রবেশ করেছেন ৪৩০ জন। তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে। স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, ৩৩৩ ও আইইডিসিআরের হটলাইনে কল এসেছে মোট ৭৮ হাজার ৭৯৬টি।

বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৭৮ জনের। এ পর্যন্ত পিপিই সরবরাহ করা হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৭৯টি। বর্তমানে মজুদ আছে  ৩ লাখ ৫৯ হাজার ৭১টি।