দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্মহীনদের সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের খাদ্যশষ্য বিতরণে প্রতিদিনই অনিয়মের ঘটনা ঘটছে। ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় জনপ্রতিনিধি ও ওএমস ডিলারের জেল-জরিমানা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কারসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলেও থেমে নেই ত্রাণ বিতরণে অনিয়ম। গতকাল মঙ্গলবারও জামালপুরের বকশীগঞ্জে চাল আত্মসাতের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
জামালপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার : জামালপুরের বকশীগঞ্জে র্যাবের অভিযানে সরকারি চাল জব্দের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গত সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় আনিছুর রহমান খরমের ঘর থেকে ১২টি বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির ৭১০ কেজি চাল জব্দ করে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আবদুল মুন্নাফ ও বকশীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালামকে আসামি করে বকশীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মামলা করে। পরে গতকাল সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামি পৌর কাউন্সিলর আবুল কালাম পলাতক।
শেরপুরে ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক : শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণের ২৫ কেজি জিআর চাল ও পাঁচ কেজি চালের ৩০টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার মালিঝিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। চাল আত্মসাতে জড়িত অভিযোগে মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনারা বেগমকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিয়াগাঁও গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
উপজেলা প্রশাসন জানায়, গত রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের অনুকূলে আড়াই মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা চাল থেকে মালিঝিকান্দা ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সংরক্ষিত ইউপি সদস্য মিনারা বেগমকে দুস্থদের মধ্যে বিতরণের জন্য ১৬৫ কেজি চাল প্রদান করেন। কিন্তু এসব চাল বিতরণ না করে তিনি আত্মসাতের উদ্দেশ্যে তার বাতিয়াগাঁও গ্রামের বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে গতকাল দুপুরে স্থানীয় দুস্থ মানুষ মিনারা বেগমের বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন ও চাল প্রদানের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে ২৫ কেজি জিআর চাল ও পাঁচ কেজি চালের ৩০টি খালি বস্তা জব্দ করেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে দুদক আইনে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মিনারা বেগম বলেন, তিনি কিছু চাল বিতরণ করেছেন। আর অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন তাকে সামাজিকভাবে হেয় ও তার সুনাম ক্ষুণœ করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য বরখাস্ত : ত্রাণ নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্র্তৃক প্রদত্ত ত্রাণসামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় ওই জেলা পরিষদ সদস্যের নামে মামলার পর তিনি গ্রেপ্তার হয়েছেন।
গত ১৮ এপ্রিল ২০২০ তারিখে পত্রের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্যগুলো স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। তার এসব কার্যকলাপ জেলা পরিষদ আইন, ২০০০ {জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত} এর ১০(১)(ঙ) ধারা অনুযায়ী অপরাধের শামিল।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। আইন অনুযায়ী অপসারণের কার্যক্রম আরম্ভ হওয়ায় তার দ্বারা জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় জেলা পরিষদ আইন, ২০০০ {জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত} এর ১০ক ধারা অনুযায়ী কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. কামরুজ্জামানকে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
পাথরঘাটায় দল থেকে বহিষ্কার আ.লীগ নেতা : জেলেদের জন্য বরাদ্দকৃত চাল থেকে সাড়ে ২৭ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টুকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থেকে বহিষ্কার করেছে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক কর্র্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন জানান, জেলেদের চাল আত্মসাতের অভিযোগে কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টুকে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান, তাকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল দুপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৭ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে নৌবাহিনীর সহায়তায় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টুকে গ্রেপ্তার করে বরগুনা ডিবি পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে এ অনিয়মের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তিনি আরও জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ তিনি দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন যা ৯১৬ বস্তা চাল বিতরণের সঠিক প্রমাণ তিনি দিতে পারেননি। চাল আত্মসাতের এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।