ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক উমাইর নূর রায়হানকে (২০) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে পাকশী ইউনিয়নের নতুন রূপপুর (সিএনজি পাম্প) এলাকায় এ ঘটনা ঘটে।

রায়হান নতুন রূপপুর গ্রামের ফুটবল মাঠ এলাকার ফজলুল হকের ছেলে।

রায়হানের মামা আজিজুল হক জানান, রাত ৯টার দিকে নতুন রূপপুর (সিএনজি পাম্প) এলাকায় তার বন্ধু রায়হানের বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে দুই বন্ধু কথা বলছিলেন।

এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অবস্থায় দুই সন্ত্রাসী এসে রায়হানের পেছন থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার কোমরের নিচে (পাছায়) লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই বিকাশ চক্রবর্তী জানান, গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গুলিবিদ্ধ রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুলি করার কারণ জানার এবং দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চালছে।

বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রায়হান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।