চিরিরবন্দরে বিনাভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে ‘পাশে দাঁড়াও’

প্রাণঘাতী করোনভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। দেশের এই ক্রান্তিাকালে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসছেন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন।

তেমনই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’ এর উদ্যোগে চালু হয়েছে মাসব্যাপী ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা পরামর্শ হটলাইন।

করোনা সংকটময় সময়ে চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের কর্মহীন দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করেই সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’ আগামী ১ মাসের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার উদ্যোগ নেন।

ইতোমধ্যে সার্ভিসটি পেতে অনেকেই যোগাযোগ শুরু করেছেন বলেও জানান সংগঠনের কর্মীরা।

মঙ্গলবার বিকেল ৫টায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কর্তা ডা. আজমল হক এই সার্ভিসের কার্যক্রম উদ্বোধন করেন।

ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করার পর ডা. আজমল হক বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব কতদিন স্থায়ী থাকবে সেটা কারোই জানা নেই, তাই সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াও’ এর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস একটি মহতী উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

পাশে দাঁড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, ‘উপজেলার ১২টি ইউনিয়নের কর্মহীন দুস্থ অসহায় মানুষদের কথা চিন্তা করে আমরা আগামী এক মাসের জন্য স্বেচ্ছায় এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা করেছি। আমাদের ক্ষুদ্র উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি।’

পাশে দাঁড়াও এর আহব্বায়ক সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ বলেন, ‘করোনা মহামারীতে আমরা চিরিরবন্দর উপজেলার প্রতিটি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী এক মাস বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস ও ঘরে বসেই মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শের জন্য হেল্প লাইন সার্ভিসের ব্যবস্থা করেছি। এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াতেই এরকম কার্যক্রম হাতে নিয়েছি।’