লারাকে ভূপাতিত করার স্মৃতি রোমন্থন শোয়েবের

ব্রায়ান লারাকে পরাস্ত করা যে কোনো বোলারের জন্যই ছিল স্বপ্ন। নিজের সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান ছিলেন। সর্বকালের সেরাদের একজন তো বটেই। সেই লারাকেও বাউন্সারে ভূপতিত করেছিলেন শোয়েব আখতার।

স্বাভাবিকভাবেই শোয়েবের ক্যারিয়ারে অন্যতম মধুর স্মৃতি হয়ে থাকার কথা বিষয়টি। এত দিন পর যে স্মৃতি রোমন্থন করছেন পাকিস্তানি পেসার। সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন টুইটারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই বেশ অ্যাকটিভ শোয়েব। নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। নিজের খেলোয়াড়ি জীবনের গতিময় অনেক ডেলিভারির ভিডিও শেয়ার করেন। সবশেষ বুধবার বিকেলে লারার বিপক্ষে বল করার ভিডিও শেয়ার করেছেন পাকিস্তানি স্পিড স্টার।

যে ভিডিওতে দেখা যাচ্ছে শোয়েবের বাউন্সারে পুরোপুরি পরাস্ত লারা। কাঁধের দিকে বলের আঘাতে মাটিতে লুটে পড়েন ব্যাটিং লিজেন্ড। শোয়েবের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘খেলাটার অন্যতম কিংবদন্তির সঙ্গে একটি স্মৃতি। তার সময়ের সেরা ব্যাটসম্যান। মন চায়, তার বিপক্ষে যদি আরো খেলতে পারতাম।’

২০০৪ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ম্যাচ ছিল সেটি। শোয়েবের বাউন্সারের আঘাতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল লারাকে। তার আগ পর্যন্ত ৩০ বলে ৩১ করেছিলেন লারা।

তবে পাকিস্তানের দেওয়া মাত্র ১৩২ রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় ক্যারিবীয়রা। ২৮.১ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফিও জয় করে লারার দল।