চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা পাঁচজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর আগে গত সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে সুস্থ দুই রোগী বাড়ি ফেরেন।
বুধবার দুপুরে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ওই পাঁচ রোগীকে ছাড়পত্র দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা করোনাভাইরাস আক্রান্ত ওই পাঁচ রোগীর কয়েক দফা নমুনা পরীক্ষায় রির্পোট নেগেটিভ এসেছে। সে কারণে তাদের হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও বলেন, এর আগে সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল থেকে প্রথম ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তাদেরও খোঁজ খবর আমরা রেখেছি। তারাও সুস্থ আছেন।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হলেন।