২০১৮ বল ট্যাম্পারিং কান্ডে দায় পুরো অস্ট্রেলিয়া দলের। কিন্তু স্টিভেন স্মিথ সবাইকে বাঁচিয়ে দায়টা নিজের কাঁধে নিয়েছেন। সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ এমনটাই মনে করেন। তার মতে, ওই ঘটনার জন্য স্মিথ একা বা ডেভিড ওয়ার্নার বা ক্যামেরুন ব্যানক্রফট দায়ী নন, পুরো অস্ট্রেলিয়া দলই দায়ী। কিন্তু সবার হয়ে দায়টা নিজের কাঁধে নেন তখনকার অজি অধিনায়ক।
কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের মূল চিন্তাটা আসে ডেভিড ওয়ার্নারের কাছ থেকে। ড্রেসিংরুমে ব্যানক্রফটের সঙ্গে এ নিয়ে আলাপ করছিলেন অজি ওপেনার। তাদের আলাপ শুনেছিলেন স্মিথ। কিন্তু তাদের থামানোর চেষ্টা করেননি, এমনকি তাদের আলাপে কোনো মন্তব্যও করেননি। ফ্লিনটফের মতে এমন কাজ শুধু একজনকে দিয়ে হয় না। পুরো দল এর পেছনে থাকে। কীভাবে? তার ব্যাখ্যা ফ্লিনটফ দিলেন এভাবে, ‘পুরো দল ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এটা আমি বিশ্বাস করি না। কারণ একজন বোলারের হাতে ট্যাম্পারড হওয়া বলটা যখন আসে তখন ওই বোলার তো এমনিতেই বুঝতে পারেন যে বলে কোনো সমস্যা আছে। তখন তিনি চাইলে আম্পায়ারকে জানাতে পারেন। কিন্তু ওই ট্যাম্পারড হওয়া বল হাতে অস্ট্রেলিয়ান বোলার কি আম্পায়ারকে কিছু বলেছিলেন?’
ফ্লিনটফ জানালেন বল ট্যাম্পারিং অনেক আগে থেকেই হয়ে আসছে। বিষয়টি হলো বেশি মাত্রায় করলে তা সংবাদ মাধ্যমে আসে। ফ্লিনটফরাও বল ট্যাম্পারিংয়ের অভিযোগ শুনেছিলেন। জানান, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে আমরা বেশি সুইং করানোর জন্য মিষ্টি কিছু দিয়ে ঘষেছি। অনেকে সানসক্রিম ব্যবহার করে। আসলে বলের কার্যকারিতা বাড়াতে অনেকে অনেক কিছুই করে। সিরিষ কাগজ ব্যবহার করাটা বেআইনি। এটা একটা মাত্রাতিরিক্ত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে দলের আর কেউ এর সঙ্গে যুক্ত ছিল না। আসলে স্মিথ সবার দায়টা নিজের ওপর নিয়েছেন।’