পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক উমাইর নূর রায়হানকে (২০) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের নতুন রূপপুর (সিএনজি পাম্প) এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান ওই এলাকার ফজলুল হকের ছেলে।
রায়হানের মামা আজিজুল হক জানান, রাত ৯টার দিকে বন্ধুর বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিল রায়হান। সে সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই সন্ত্রাসী এসে রায়হানকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার কোমরের নিচে লাগে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গুলি করার কারণ জানা ও দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।