কৃষি শ্রমিক সেজে চট্টগ্রাম থেকে নেত্রকোনার কেন্দুয়ায় বাসে করে গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন লোকজন আসায় দুই বাসের চালক ও মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত আঠারোবাড়ি সড়কের সাহিতপুর চেকপোস্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় বাস দুটি জব্দ ও চালকদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, এ পর্যন্ত প্রথম ধাপে ৬টি, পরে ২টি ও সর্বশেষ বুধবার দুটি বাস আসে।
আগের বাসগুলোতে ২০ জন করে তালিকা অনুযায়ী মিল পাওয়ায় ছেড়ে দেয়া হয়। কিন্তু জব্দকৃত সর্বশেষ বাস দুটোতে তালিকা অনুযায়ী মিল পাওয়া যায়নি।
এ সময় চেকপোস্টে বাস থামিয়ে চেক করলে পতেঙ্গা থেকে আসা একটিতে ৪৩ জন ও অন্যটিতে ৪৪ জন করে মোট ৮৭ জন গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন লোক পাওয়া যায়। ওইদিকের তালিকার সাথেও কোনো মিল নেই।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় চালক জাফর ইকবাল ও সাইফুল ইসলামকে আটক করা হয়। সেইসাথে দুজনকেই নগদ এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বাস দুটো থানায় জব্দ রয়েছে।
এ ব্যাপারে ইউএনও সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু বিভিন্ন এলাকার গার্মেন্টসকর্মী ও লোকজন চলে এসেছে তাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি ১৪ দিন যেন তারা হোম কোয়ারেন্টাইনে থাকেন।