‘আমরা খেলতাম দেশের জন্য, ভারতীয়রা নিজেদের জন্য’

ভারতীয় ব্যাটসম্যানরা স্বার্থপর, তারা শুধু নিজেদের জন্য খেলেন। এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

তার মতে ভারতীয় ব্যাটসম্যানরা খেলেন নিজেদের জন্য। আর পাকিস্তানের ব্যাটসম্যানরা দলের কথা ভেবে খেলেন। ইউটিউবে রমিজ রাজার সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন ইনজামাম।

বলেন, ‘‌আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, ওদের ব্যাটিং আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি ৩০-৪০ রানও করত, তবে তা হতো দলের জন্য। আর ভারতের কেউ সেঞ্চুরি করলেও তা নিজের জন্য খেলে করত। দুই দলের মধ্যে এটাই ছিল পার্থক্য।’

১৯৯২ বিশ্বকাপে ইনজামাম ছিলেন তরুণ। ইমরান খানের নেতৃত্বে সেবার বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। অধিনায়ক ইমরান সম্পর্কে তার মন্তব্য, ‘টেকনিক্যালি অধিনায়ক হিসেবে ইমরান ভাই তেমন ভালো ছিলেন না। কিন্তু ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পারতেন। তরুণ ক্রিকেটারদের পাশে থাকতেন। এমনকি একটি সিরিজে ব্যর্থ হলেও সেই ক্রিকেটারকে বাদ দিতেন না। আরও সুযোগ দিতেন।’