খুমেক চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

করোনায় আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়। রাত ১০টায় পৌঁছানোর পর তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।  খুমেকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা আক্রান্ত চিকিৎসক মাসুদ আহমদকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) রেখে চিকিৎসা করা হচ্ছিল। গতকাল অবস্থার অবনতি হলে দুপুর থেকেই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। কিন্তু স্থলপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের মাধ্যমে হেলিকপ্টারের ব্যবস্থা করেন। কিন্তু বিকেল থেকে খুলনার আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে রাতে চিকিৎসক মাসুদ আহমদকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

খুমেকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গত ১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় ডা. মাসুদ আহমদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) সকাল থেকে ডা. মাসুদ আহমদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’