করোনা ইউরোপের গণতন্ত্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতকাল বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগে দেওয়া এক ভাষণে মেরকেল এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি।
মেরকেল বলেন, ‘ইউরোপবাসী ও তাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাইরাসটি নিয়ন্ত্রণ করাও ছিল আরেকটি চ্যালেঞ্জ। এ সময় আমাদের অনেক কঠিন একটা সময় পাড়ি দিতে হয়েছে। আমি জানি, বিধিনিষেধগুলো কতটা কঠিন। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে।’
জার্মানিতে করোনা প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরবর্তী সময়ে আরও খারাপ সময় অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এটি ভাইরাসের শেষ পর্ব নয়। আরও লম্বা একটা সময় ধরে এটির সঙ্গে আমাদের চলতে হবে। মহামারী-পরবর্তী ধাপের বিপদ অত্যন্ত সতর্কতা ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করতে হবে।’
করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজের দেশবাসীর সম্মিলিত প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন মেরকেল। তিনি বলেন, ‘এটা অত্যন্ত চমৎকার যে, মানুষ পরস্পরের প্রতি বেশ সহমর্মিতা দেখাচ্ছে। ঠিক এভাবেই আমাদের দুর্যোগ কাটিয়ে উঠতে হবে।’