রোজায় নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিতে বিএসটিআইকে নির্দেশ

রমজানে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতে বিএসটিআইয়ের সার্ভিলেন্স কার্যক্রম জোরদারে নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নিত্যপণ্যের মান পরীক্ষাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য জরুরি সেবা চালু রাখতে নির্দেশ দেন তিনি।

রোজায় ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিতকরণ, শিল্প খাতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ ও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে কৌশল নির্ধারণবিষয়ক সভায় শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসসি) চেয়ারম্যান, বিএসটিআই ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, রমজানে বিভিন্ন সুপার শপ এবং চালু থাকা দোকানে সার্ভিলেন্স বাড়িয়ে নিরাপদ খাদ্যপণ্যের জোগান নিশ্চিত করতে হবে।