করোনা পরিস্থিতিতে আক্রান্ত মানুষের সেবা ও রোগীদের আইসোলেশনে রাখতে নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাছান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এ চেয়ারম্যান।
হাছান চৌধুরী বলেন, বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে আমার একটি দোতলা বাড়ি আছে। পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করার ফলে বাড়িটি খালি রয়েছে। ওই বাড়িতে অন্তত ৫০ জন রোগী আইসোলেশনে রাখা যাবে। বাড়িটি করোনা রোগী বা যোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে সেহেতু বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। যতদিন দরকার ততদিন আমার এ বাড়ি জনস্বার্থে ব্যবহার করতে পারবে প্রশাসন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাছান চৌধুরী তার বাড়িটি ব্যবহারের কথা জানিয়েছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাব।’