আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল হোসেন (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার এসআই আশাদুর রহমান দেশ রূপান্তরকে জানান, রাত দেড়টায় লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২-১৩ ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এবং মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লস্করদী, মনোহরদী গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে। তাদের ধাওয়া খেয়ে সব ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জুয়েল। পরে জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোর ৫টায় লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, নিহত জুয়েল একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ, একটি হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।