সুস্থ হয়ে ওঠা দুই করোনা রোগীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হলো

বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি দুই করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । সর্বশেষ করোনা টেস্ট নেগেটিভ আসলে হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তাদের দুজনকে ফুল দিয়ে বরণ করে নেন।

তারা হলেন- কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মো. হিরণ খান (৩৫) ও ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামের মো. সেলিম মিয়া (৬২)।

শুক্রবার বিকেল ৩টার দিকে বরগুনার জেনারেল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সহায়তায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. সেলিম মিয়া তাবলিগ থেকে ফিরে ও মো. হিরণ খান নারায়ণগঞ্জের কাচপুর এলাকা থেকে ফিরে বরগুনার সদর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। এরপর তাঁদের দুজনেরই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে গত ১১ এপ্রিল পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। পরে সুস্থ হয়ে উঠলে দুজনেরই যথাক্রমে ১৯ এবং ২৩ এপ্রিল দুইবার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ পাওয়া যায়।

সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পরপরই তাঁদের দুজনকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এবং করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. কামরুল আজাদ এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট সুভাষ দত্তসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী। এ সময় সুস্থ হওয়া রোগীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তাদের দুজনকেই হাসপাতালের নিজস্ব পরিবহনে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার। করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এ কৃতিত্বের পেছনে বরগুনা জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ এবং নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের অবদান রয়েছে। তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই তাদের সুস্থ করে বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয়েছি আমরা।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল থেকে আজ ২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।