শার্শায় চিকিৎসকের পর তার ছেলেও করোনায় আক্রান্ত

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পর তার ছেলেসহ আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অন্য তিনজন হলেন- ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ভারত ফেরত এক ব্যক্তি ও সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে করোনা পরীক্ষায় এই  ৪ জনের পজিটিভ আসে। শনিবার দুপুরে তারা এই প্রতিবেদন পেয়েছেন।

তাদের মধ্যে  ৩ জনকে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ  আলী জানান, নতুন চারজনের মধ্যে একজন হলেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। আরেকজন সম্প্রতি ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রয়েছেন। আরেকজনের বাড়ি সীমান্তবর্তী রুদ্রপুর গ্রাম। এছাড়া এই হাসপাতালের এক নারী চিকিৎসকের ছেলেও আক্রান্ত হয়েছে।

এর আগে এই নারী চিকিৎসকেরও করোনা শনাক্ত হয়েছে। তাকে নিয়ে শার্শা উপজেলায় এখন পর্যন্ত মোট ৫ জনের  করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।