শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। শেখ হাসিনা হচ্ছে বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছে সততার প্রতীক।

তিনি বলেন, একজন মানুষও যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌঁছায় নাই।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব বলেন।

রমজান মাস এবং করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে পিরোজপুর- ১ সংসদীয় আসনের ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মন্ত্রী।

এ সময় মৎস্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিড়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

এর আগেও মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে প্রায় ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।