আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সানা মির। র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা শনিবার নিজের সিদ্ধান্ত জানান। বিদায় বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যাকে মেয়েদের ক্রিকেটের ‘কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেছে।
২০০৫ সালে পাকিস্তান দলে অভিষেক সানার। ১৫ বছরের ক্যারিয়ারে সব মিলে ২২৬ টি আন্তর্জাতিক ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৩৭ ম্যাচে।
৩৪ বছর বয়সী অফব্রেক বোলার ১২০ ওয়ানডেতে ১৫১ উইকেট শিকার করেছেন। যা তার দেশের পক্ষে সর্বোচ্চ। আর মেয়েদের ওয়ানডেতে সব মিলে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় সানা মির যৌথভাবে চতুর্থ।
ব্যাট হাতে ওয়ানডেতে ১৬৩০ রান করেছেন সানা মির। যা দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। নবম ক্রিকেটার হিসেবে তিনি মেয়েদের ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের নজির গড়েন।
১০৬ টি-টোয়েন্টিতে সানা মিরের শিকার ৮৯ উইকেট, যা দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে করেছেন ৮০২ রান। ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয় করেন দেশের পক্ষে।
নভেম্বরে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পর আর জাতীয় দলে ছিলেন না সানা মির। এ বছর অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না তিনি।
অবসরের ঘোষণা দিয়ে বলেন সানা মির বলেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমাকে ভাবার সুযোগ দিয়েছে। আমার মনে হয় এটিই সঠিক সময় এগিয়ে যাওয়ার। আমি বিশ্বাস করি দেশের জন্য এবং খেলাটার জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
সানা মিরের বিদায় বেলায় পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘সানা নারী ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি। যিনি তরুণ নারী অ্যাথলেটদের খেলাটার প্রতি আকৃষ্ট ও অনুপ্রাণিত করেছেন।’