চট্টগ্রামে আরো ২ জনের করোনা শনাক্ত

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ-বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরীর দু’জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

শনিবার রাত ১১টায় চট্টগ্রাম বিভাগীয় স্বস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি’র  ল্যাবে ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামের দু’জনের। অপর দিকে শনিবার থেকে শুরু হওয়া সিভাসুর ল্যাবে পরীক্ষা হওয়া ২০টি নমুনা রির্পোটে করোনা নেগেটিভ এসেছে।

তিনি বলেন, চট্টগ্রামে মোট ১৮৯ পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হওয়া দু’জনই পুরুষ। তাদের একজন আগ্রাবাদের শান্তিবাগের বাসিন্দা। তার বয়স ৩০ বছর। অপরজন ৪০ বছর বয়সী হালিশহর নয়াবাজার এলাকার বাসিন্দা।

বিআইটিআইডিতে এ পর্যন্ত ২৪২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

অপরদিকে, সিভাসুর ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সিভাসুর ল্যাবে শুধু নমুনা পরীক্ষা কার্যক্রম হয়। এর আগে নমুনা সংগ্রহ করে পরীক্ষার উপযোগী বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বিআইটিআইডি।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে ৪৬ জন। এ ছাড়া করোনায় চট্টগ্রামে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।