সিলেটে করোনায় চা শ্রমিকের শিশু সন্তানের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটের চা বাগানের এক শ্রমিকের শিশু সন্তান (৫) করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, পাঁচ বছরের শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। সম্প্রতি শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়।

শনিবার সন্ধ্যার দিকে শিশুটি হবিগঞ্জ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছায়। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।

সরকারি হিসাব অনুযায়ী, রবিবার নাগাদ দেশে করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। মৃতদের একজন শিশু, যার বয়স ১০ বছরের নিচে। শিশুটির কিডনি জটিলতা ছিল।