মুন্সীগঞ্জে কৃষকের ধান কাটল কৃষি কর্মকর্তা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরপাথালিয়া গ্রামে রবিবার কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা ও ভাইস চেয়ারম্যান। বেলা ১১ টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের কৃষক জাকির হোসেনের জমির পাকা ধান কাটতে জমিতে নামেন তারা। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নুর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকীর নেতৃত্বে জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ি তুলে দেন তারা। 

ঘণ্টাব্যাপী তারা ওই কৃষকের ৩০ শতাংশ জমির পাকা ধান কাটতে সক্ষম হন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিপদ দাস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নিজাম দেওয়ান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ নূর জানান, করোনায় শ্রমিক সংকটের মুখে থাকা কৃষকের পাকা ধান কেটে দিতে তারা জমিতে নেমেছেন। এরই মধ্য দিয়ে গজারিয়া উপজেলায় ধান কাটা শুরু হল। এ বছর উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন বলেন, শ্রমিকের সংকট থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে থাকব আমরা।