‘বন্ধু’ রোনালদিনহোর পরিণতি দুঃখ দিয়েছে ম্যারাডোনাকে

ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোর পাশে দাঁড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা।

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে রোনালদিনহো ও তার ভাই মার্চের শুরুতে গ্রেপ্তার হন। ৩২ দিন জেল খেটে জরিমানা দিয়ে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক।

কিন্তু বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকার সঙ্গে যা ঘটেছে তা কিছুতেই মেনে নিতে পারছেন না ম্যারাডোনা।

স্প্যানিশ পত্রিকা এল দিয়াকে তিনি বলেন, ‘রোনালদোর সঙ্গে যা ঘটেছে তা আমাকে খুব দুঃখ দিয়েছে। সে কোনো অপরাধ করেনি। সে শুধু কাজের জন্য সেখানে গিয়েছিল।’

প্যারাগুয়ের এক ক্যাসিনো মালিকের আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে গিয়েছিলেন। সেখানে চ্যারিটি কাজে অংশ নেওয়ার কথা ছিল তাদের। এ ছাড়া একটি বইয়ের প্রচারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল ক্লিনিকে সময় কাটানোর কথা ছিল।

কিন্তু প্যারাগুয়েতে পা রাখার পরই বিপদে পড়েন। ভুয়া পাসপোর্ট, জাল কাগজসহ গ্রেপ্তার হন। রোনালদিনহো অবশ্য বলে এসেছেন, কাগজগুলো তাদের কেউ একজন উপহার হিসেবে দিয়েছিলেন।

৩২ দিন জেল খাটার পর মুক্তি পেলেও এখন বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রোনালদিনহোকে প্যারাগুয়েতেই গৃহবন্দী থাকতে হবে।

এসব দেখে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা বলছেন, ‘তার একমাত্র ভুল সে তারকা। সে আমার বন্ধু এবং আমি তাকে মৃত্যুর আগ পর্যন্ত সমর্থন দিয়ে যাব।’