লকডাউন অমান্য করায় কালকিনিতে ১২ ব্যবসায়ীকে জরিমানা

লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও পণ্যের দাম বেশি রাখার অপরাধে মাদারীপুরের কালকিনিতে ১২ জন ও শিবচরে ৩ জন ব্যবাসীয়কে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার দুপুরে কালকিনি ও শিবচর উপজেলায় পৃথক অভিযানে ব্যবসায়ীদের এ জরিমান করা হয়। 
 
জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাশেরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে দোকান খোলা রাখার দায়ে আষাঢ় খান, রিপন প্যাদা, মফিজদ্দিন, চন্দ্র শীল, লিয়াকত হোসেন, কাঞ্চন শিকদার, আবির হোসেন, সুমন মাহমুদ, মন্টু শিকদার, হৃদয় প্যাদা ও আবু বকরসহ ১২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় প্রতি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধামে ৪ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, করোনাভাইরাসের কারণে কালকিনি উপজেলাকে লকডাউন করা হয়েছে। এ লকডাউনকে অমান্য করে অবাধে দোকান খোলা রাখায় ১২ ব্যবসায়ীকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়ছে।
 
এদিকে মাদারীপুরের শিবচরে কাঁচাবাজারে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি রাখার দায়ে রোববার দুপুরে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শিবচরের সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে শিবচর পৌর কাঁচাবাজারে ছদ্মবেশে অভিযানটি চালানো হয়। অতিরিক্ত দামে পন্য বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পরে। বিশেষ করে আদাসহ কাঁচা পণ্যের দাম অতিরিক্ত নেওয়া হয়েছিল। পরে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।