শেরপুরের মানুষের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা গত পাঁচ দিন ধরে হচ্ছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। অথচ জেলায় মোট ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৯ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার্থে ময়মনসিংহ ও ঢাকায় রেফার্ড করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় করোনার এমন পরিস্থিতি থাকলেও করোরই যেন মাথাব্যথা নেই। যেখানে গত শনিবার পর্যন্ত ১৪৭টি নমুনা পরীক্ষার প্রক্রিয়াধীন ছিল। ফলে করোনা সন্দেহে নমুনা সংগৃহীত ব্যক্তিদের সংস্পর্শে রীতিমতো যাচ্ছে সাধারণ মানুষ। এতে শঙ্কার মধ্যে রয়েছে শেরপুরবাসী। জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, গত ২০ এপ্রিলের পর থেকে গত শনিবার পর্যন্ত কোনো নমুনা পরীক্ষার রিপোর্ট আমরা পাইনি। ব্যক্তিগতভাবে অনেকবার চেষ্টা করেছি শেরপুরের নমুনাগুলো পরীক্ষা করাতে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে শেরপুরের কোনো নমুনাই এখন পরীক্ষা করা হচ্ছে না। ইতিমধ্যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছি।