মাস দেড়েক আগে হলিউডের তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হন। যথাযথ চিকিৎসা নিয়ে তারা সেরেও উঠেন।
এবার একাধিক অস্কারজয়ী টমের রক্ত ব্যবহৃত হচ্ছে করোনা টিকার জন্য। সম্প্রতি এনপিআর পডকাস্টে খবরটি জানান এ অভিনেতা।
টম বলেন, “অনেকের মনে প্রশ্ন উঠছে- এখন আমরা কী করছি, এই সময় কিছু করতে পারি কি-না। সত্যি বলতে কী, আমরা জানতে পেরেছি যে আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে। নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?”
এরপর টম জানান, তার রক্ত থেকে যদি সত্যিই টিকা তৈরি হয়, তবে নাম দেবেন হ্যাঙ্ক-সিন।
দুই তারকার শরীরে কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে গত মার্চ মাসে। সেই সময় এলভিস প্রিসলির বায়োপিকে অভিনয়ের জন্য অস্ট্রেলিয়ায় ছিলেন টম হ্যাঙ্কস। সুস্থ হয়ে লস অ্যাঞ্জেলস ফিরে তারা দুই সপ্তাহের বেশি সময় কোয়ারেন্টাইনে থাকেন।
অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন ‘ফরেস্ট গাম্প’ অভিনেতা। তখন জানান, এই অসুখে তার থেকেও বেশি ভুগতে হয়েছে স্ত্রী রিটা উইলসনকে। তার জ্বর ও উচ্চ তাপমাত্রা ছিল দীর্ঘদিন ধরে। কোনো রকম স্বাদ ছিল না মুখে, গন্ধও পাচ্ছিলেন না। প্রায় ৩ সপ্তাহ খাওয়া-দাওয়ার ইচ্ছাটাই ছিল না রিটার।
এ দিকে সম্প্রতি করোনা নামের এক অস্ট্রেলিয়ান শিশুর চিঠির উত্তর দেন টম হ্যাঙ্কস, সঙ্গে পাঠান করোনা ব্র্যান্ডের এক টাইপরাইটার। ওই শিশু জানিয়েছিল, নামের কারণে সে স্কুলে হেনস্তার শিকার হয়েছিল। পাশাপাশি প্রিয় তারকার সুস্থতাও কামনা করে।